Saturday, April 25, 2026
Homeপ্রচ্ছদগোলাম সারোয়ার সাঈদী সম্পর্কে অজানা কিছু তথ্য

গোলাম সারোয়ার সাঈদী সম্পর্কে অজানা কিছু তথ্য

নিজস্ব প্রতিবেদকঃ
গোলাম সারোয়ার সাঈদী ছিলেন একজন পীরজাদা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ি দরবার শরিফের প্রয়াত পীর সাহেব আল্লামা হজরত মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানীর (রহ.) সুযোগ্য সন্তান তিনি।
 
এছাড়া আড়াইবাড়ী দরবার শরিফের প্রতিষ্ঠাতা আল্লামা হজরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরীর (র.) নাতি তিনি।
 
গোলাম সারোয়ার সাঈদীর প্রপিতামহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের হযরত মাওলানা মুকসুদ আলী (র.)। তিনি দেশবরেণ্য আলেম ছিলেন।
 
গোলাম সারোয়ার সাঈদীর দাদা মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ ১৯৩৭ সালে কসবা উপজেলার পৌর সদরের আড়াইবাড়ি আলিয়া মাদরাসা ও একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করেন।
 
পরবর্তীতে তার ছেলে মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী এর হাল ধরেন। তারপর মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী ২০০৪ সালে মাদরাসাকে কামিল মানে উন্নীত করেন।
 
পাশাপাশি গড়ে তোলেন আড়াইবাড়ী ইসলামিয়া ছায়েদীয়া এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, আড়াইবাড়ি হাক্কানীয়া হাফেজি মাদরাসা, আড়াইবাড়ি সাইয়েদা সুরাইয়া নূরানী মাদরাসা, ইসলামী বুক ক্লাব।
 
বর্তমানে ইবতেদায়ি, জুনিয়র, দাখিল, আলিম ও ফাজিল কেন্দ্র স্থাপিত হয়েছে সেখানে।
 
প্রতিষ্ঠার শুরু থেকেই মাদরাসাটি এলাকায় শিক্ষা বিস্তার, অনৈসলামিক কার্যকলাপ রোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে।
 
দায়িত্ব নিয়ে মাদরাসার পাঠাগারকে মূল্যবান ও দুষ্প্রাপ্য অনেক গুরুত্বপূর্ণ বইয়ে সমৃদ্ধ করেন মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী।
 
তিনি দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেন।
 
মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানীর তৃতীয় ছেলে মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী। তার পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে সাঈদীই সবচেয়ে বেশি পরিচিত। অন্যরা ব্যবসা ও চাকরিতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুললেও মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী পারিবারিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে গেছেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী বিগত কয়েক বছরে ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক নানা বিষয়ে বয়ান করতেন। এসব বয়ান তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
এসএস/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments