নিউজ ডেস্ক: টাঙ্গাইল সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া সেলিম নির্বাচনে হেরে তিন বছর আগে নির্মাণ করে দেওয়া মসজিদ ভেঙে নিয়ে গেছেন। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) টিনের তৈরি মসজিদটি ভেঙে ট্রাকে করে নিয়ে যান তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ২০১৮ সালে ইউনিয়ন কমপ্লেক্সের জমিতে টিন দিয়ে একটি মসজিদ তৈরি করেন চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম। গত ১১ নভেম্বর নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী নুরে আলম মুক্তার কাছে হেরে যাওয়ার পর ৭ ডিসেম্বর মসজিদটি ভেঙে নিয়ে যান তিনি।
গোলাম কিবরিয়া সেলিম জানান, খালাতো ভাই ইব্রাহিম হোসেনের টাকায় ওই মসজিদটি তৈরি করেছিলেন তিনি। গত কয়েক মাস ধরে সেখানে কেউ নামাজ আদায় করছেন না। তাই খালাতো ভাইয়ের অনুমতি নিয়েই মসজিদটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
এমএইচ/বাংলাবার্তা
