Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিকসোলেইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৩৫

সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন হামলায় নিহত ইরানের রেভোলিউশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৩৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৪৫ জন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জেনারেল সোলাইমানির নিজ শহর কেরমানে দাফনের আগে অনুষ্ঠিত জানাজায় লাখ লাখ শোকার্ত মানুষের ঢল নামে। সেখানেই পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রায়াত্ত টেলিভিশনের বরাত দিয়ে ৩৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে মঙ্গলবার সকাল থেকেই সোলাইমানির নিজ শহরে হাজার হাজার শোকার্ত মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়।  এছাড়া তেহরান, কুয়াম, মাশহাদ ও আহভাজ শহরেও মানুষের ঢল নামে।

দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কলিভান্দ বলেন, শোকমিছিলে অংশ নিয়ে বেশ কিছু লোক আহত হয়েছেন।  অনেকে প্রাণ হারিয়েছেন। এর আগে সোমাবার সোলাইমানির জানাজা উপলক্ষে রাজধানী তেহরানের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ৩ জানুয়ারি শুক্রবার ভোরে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকেই ইরান-মার্কিন সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে।  নিয়মিতভাবে তাদের মধ্যে হুমকি পাল্টা হুমকির আদান-প্রদাণ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments