Saturday, April 25, 2026
Homeজাতীয়রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ

বরগুনার আলোচিত শাহনেওয়াজ শরীফ ওরফে রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় বাকি চার আসামিকে খালাস দেয়া হয়েছে।

বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯) ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২) ও মো. হাসান (১৯)। খালাস পেয়েছেন—মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

এর আগে, সকাল ৯টায় বাবা মোজা‌ম্মেল হক কি‌শোরের সঙ্গে মিন্নি আদালত প্রাঙ্গণে আসেন। এরপর কারাগার থেকে ৮ আসামিকে নেয়া হয় আদালতে। এদিকে, রায়কে ঘিরে পুরো আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঞ্চল্যকর এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। কিশোর গ্যাং বন্ড বাহিনীর এই হত্যাকাণ্ড সারাদেশকে নাড়িয়ে দিয়েছিল।

এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments