Homeবিভাগচট্টগ্রামবদলির আদেশ, তবু চট্টগ্রাম ছাড়েননি বিআরটিএর মাসুদ!

বদলির আদেশ, তবু চট্টগ্রাম ছাড়েননি বিআরটিএর মাসুদ!

সাইফুল ইসলাম, চট্টগ্রাম 

আলোচিত বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে ঢাকা বিভাগীয় অফিসে বদলির আদেশ জারি হলেও এখনো চট্টগ্রামেই দায়িত্ব পালন করছেন তিনি। গত ৩১ আগস্ট জনস্বার্থে জারি করা ওই আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে এর বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর আলোচনায় আসা এই কর্মকর্তাকে এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই আদেশে বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়।

৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে। তার স্থলে ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রামে পদায়ন করা হয়। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কিন্তু আদেশ জারির পরও মাসুদ আলম চট্টগ্রাম বিভাগীয় অফিসে দায়িত্ব পালন করায় প্রশ্ন উঠেছে। তাহলে বদলির আদেশ কার্যকর হলো কোথায়?

মার্চের বদলিও শেষ পর্যন্ত কার্যকর হয়নি

এবারই প্রথম নয়, এর আগেও মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। চলতি বছরের ৭ মার্চ তাকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলির আদেশ দেওয়া হয়। একই আদেশে সদর কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহকে পরিচালক (রোড সেফটি) পদে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল।

তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই আদেশ শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। জারির পর রহস্যজনকভাবে সেটি বাতিল হয়ে যায়। কেন আদেশটি কার্যকর হয়নি বা কী কারণে বাতিল করা হয়েছিল, সে বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এবারও বদলির আদেশ কার্যকর না হলে বিষয়টি নিয়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

একই আদেশে তিন পরিচালকের রদবদল

৩১ আগস্টের আদেশে শুধু মাসুদ আলমই নন, বিআরটিএর আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

খুলনা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে বরিশাল বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে খুলনা বিভাগীয় অফিসের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে নিজ দায়িত্বের পাশাপাশি ওই বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

‘ভাইরাল মাসুদ’ যেভাবে আলোচনায়

২০১৭ সালে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন মো. মাসুদ আলম।

বিআরটিএর মিরপুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের অভিযোগের প্রসঙ্গ তুলে মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ।’ ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাসুদ আলম ‘ভাইরাল মাসুদ’ নামে পরিচিতি পান।

দুই বছরের বেশি চট্টগ্রামে

বিআরটিএ সূত্র জানায়, ২০২৪ সালের ২৫ মার্চ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে যোগ দেন মাসুদ আলম। এর আগে তিনি খুলনা বিভাগীয় অফিসে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৩১ আগস্ট তাকে ঢাকায় বদলি করা হয়। তবে আদেশ জারির পরও তার চট্টগ্রামে অবস্থান ও দায়িত্ব পালন নিয়ে এখন প্রশ্ন উঠেছে।

বদলি নিয়ে ‘প্রভাবশালী চক্রের’ অভিযোগ

বিআরটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বদলি ও পদায়নের আদেশ জারির পর অনেক সময় একটি প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে ওঠে। তাদের প্রভাবের কারণে কোনো কোনো আদেশ বাস্তবায়ন না হয়ে পরিবর্তন বা বাতিল হওয়ার অভিযোগ রয়েছে।

ওই কর্মকর্তা আরও অভিযোগ করেন, অর্থের বিনিময়ে বদলি ও পদায়নের সিদ্ধান্ত পরিবর্তনের কথাও বিভিন্ন সময় শোনা যায়। তবে এ অভিযোগের পক্ষে কোনো নথি বা প্রমাণ পাওয়া যায়নি।

তার দাবি, বদলি ও পদায়নের অফিস আদেশ নিয়মিতভাবে বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশ না করায় এসব সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতার ঘাটতি তৈরি হচ্ছে।

‘সরকার বদলায়, সংস্কৃতি বদলায় না’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিআরটিএতে বদলি, পদায়ন, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে নীতিমালা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, ‘বদলি, পদায়ন, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনও দেখা যাচ্ছে, কিছু প্রভাবশালী কর্মকর্তা একই গ্রেডের মধ্যে বারবার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাচ্ছেন। সরকার বদলায়, কিন্তু বিআরটিএর এই সংস্কৃতি বদলায় না।’

বিআরটিএর সাবেক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এবং বর্তমানে ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলির আদেশ পাওয়া মো. মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খুব শিগগিরই আমি ঢাকা মুভ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments