বার্তা প্রতিবেদক
টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে তিনি অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) নগরের হালিশহরের বারনীঘাট গলিচিপা পাড়া, ফুল চৌধুরী পাড়া, সুন্দবী পাড়া, গোডাউন বাজার উত্তর গেইটসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় এমপি সাঈদ আল নোমান পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সাঈদ আল নোমান বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। বিএনপি গণমানুষের দল।
পানিবন্দি ও অসহায় মানুষের কষ্ট লাঘবে যা যা প্রয়োজন, তা করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুর্যোগ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদেরও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাই।
