Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসঢাবির নতুন উপ-উপাচার্য মাকসুদ কামাল

ঢাবির নতুন উপ-উপাচার্য মাকসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
 
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদে নিয়োগ দেয়া হয় তাকে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও আচার্যর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে উপ-উপাচার্যের শূন্য পদে নিয়োগ করা হল।’
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মাকসুদ কামাল টানা চতুর্থবার নির্বাচিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। একইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষও হিসেবেও দায়িত্ব পালনে করেছেন।
 
চারটি শর্তে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। শর্তগুলো হলো– ১. উপ-উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। ২. উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। ৩. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। ৪. তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং ৫। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
 
উল্লেখ্য, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল লক্ষ্মীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অধ্যাপক ড. মাকুসদ কামাল ২০০০ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। এর পূর্বে তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ছয় বছর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টারের রিসার্চ ফেলো ও গবেষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সালে তিনি অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত হন। ২০১২ সালে তিনি আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০১৭ সাল পর্যন্ত সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১২ সাল থেকে অদ্যাবধি তিনি আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের নির্বাচিত (চার বার) ডিন হিসেবে দায়িত্বরত আছেন।

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments