Thursday, January 22, 2026
Homeবিভাগচট্টগ্রামআওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার, থাকছে চমক!

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার, থাকছে চমক!

বিশেষ প্রতিনিধিঃ

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঘোষনা করা হবে। দলের নতুন কমিটিতে বেশ কিছু পদে চমক থাকছে বলে জানা যায়।

রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান।

তিনি বলেন, “আগামী মঙ্গলবারে প্রেসিডিয়াম মিটিং আছে, এর মধ্যে খসড়া প্রস্তাব প্রেসিডিয়ামে আলাপ আলোচনা করার পর সেদিনই আমার আশা করছি পূর্ণাঙ্গ কমিটি ২৪ তারিখে করব।”

ঘোষিত কমিটিতে কোনো চমক দেখছেন কি না- এই প্রশ্নে কাদের বলেন, “ঘোষিত কমিটিতে দায়িত্বের কিছু পরিবর্তন হয়েছে। পুরো কমিটি হওয়ার আগে এ বিষয় সার্বিক মূল্যায়ন করা সম্ভব নয়।”

আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াকে চমক মনে করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি তো আগের মানুষ চমক হব কেন!”

কাদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে যোগ্য ব্যক্তি আরো আছেন। প্রার্থী হওয়ার ইচ্ছা অনেকের মনেই ছিল। কেউ কেউ সেটা প্রকাশ্যেও বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কেউ কমিটিতে আসছেন কি না জানতে চাইলে সাধারণ সম্পাদক বলেন, “তারা নিজেরাই আসতে সম্মত নন, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তী- এরা কেউই তাদের পরিবারের সিদ্ধান্ত… এখন পর্যন্ত যতটুকু জানি, এবারকার নেতৃত্বে তারা আসবেন- এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি।“

নতুন করে দল গোছানোর পর সরকারের মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী কাদের বলেন, “কেবিনেট রিশাফল সময় সময় রুটিন, দেখুন নতুন বছরে হয়ত কিছু হতে পারে।”

কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী কমিটিতে নেই- এ বিষয়টি কোনো ইঙ্গিত দেয় কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “দলে কিছু কিছু নতুন মুখ এবং দায়িত্বের পরিবর্তন হয়েছে, সেটা হয়েছে কর্মকাণ্ডে আরো গতিশীলতা আনার জন্য।”

আরও কয়েকটি পদ ঘোষণার অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, “অর্গানাইজিং সেক্রেটারির তিনটি পদ, ধর্ম সম্পাদক, শিল্প-বাণিজ্য, কোষাধক্ষ, তথ্য ও গবেষণা সম্পাদকের পদ রয়েছে। নিচের দিকে পুরো ওয়ার্কিং কমিটির সদস্য ঘোষণা বাকি। পুরোটা ঘোষণা হলে পূর্ণাঙ্গ চিত্রটা পেয়ে যাবেন, মূল্যায়ন করতে সুবিধা হবে।”

সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্বের সঙ্গে দলে সাধারণ সম্পাদকের কাজ চালাতে সুবিধাই হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “আমি আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা দেখি, রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখি। রাস্তা দিয়েই তো যেতে হয়, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে গেলে সব জায়গায় প্রকৌশলীদের সাথে মিটিং করেছি, এখানে দুটি দায়িত্ব পালন এক সাথে।”

সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের প্রেসিডিয়াম সদস্য হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এখানে কমিটির যাদের নাম ঘোষণা করা হয়েছে এটা আমাদের নেত্রী খসড়াটা রেডি করে কাউন্সিলরদের সম্মতি নিয়েছেন। গঠনতন্ত্রের কিছু আপডেট, এছাড়া কমিটি ঘোষণা করেও কাউন্সিলরদের সম্মতি নিয়েছেন। যে কমিটি হয়েছে, সেখানে আওয়ামী লীগের সাড়ে ৭ হাজার কাউন্সিলরের সম্মতি ছিল, এ নিয়ে মন্তব্য করতে চাই না।

প্রসঙ্গত, গতকাল (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

এবারের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসছে কি না- সে প্রশ্নেই আলোচনা ছিল সবচেয়ে বেশি। দলে শুদ্ধি অভিযানের পর এই কাউন্সিলে গুতুরত্বপূর্ণ কেউ বাদ পড়ছে কি না, তা নিয়েও আগ্রহ ছিল সাংবাদিকদের।

শেষ পর্যন্ত ৮১ সদস্যর কমিটির ৪২ জনের যে আংশিক তালিকা ঘোষণা হয়েছে, তাতে কয়েকজনের পদোন্নতি আর গুটিকয় নতুন মুখ এলেও বড় কোনো ওলটপালট হয়নি।

আবার মন্ত্রিসভায় থাকা কয়েকজনের নাম দলের কমিটিতে না আসায় আওয়ামী লীগ দল আর সরকারকে আলাদা রাখার উদ্যোগ নিচ্ছে কি না সেই আলোচনাও হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments